জাতীয়
জামালপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ৩

জামালপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান তাদের বাড়ি মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামে। তারা তিনজনই জামালপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করছিলেন এবং তাদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আসনে ‘কাঁপ-পিরিচ’ প্রতীকের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে কয়েকজন কর্মী গোলাবাড়ি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে ৩ জনকে আটক করেন, তবে বাকিরা পালিয়ে যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। এসময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রার্থীর প্রচারপত্র জব্দ করা হয়েছে। টাকা বিতরণের সময় তাদের আটকের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সুমন চৌধুরী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। গোলাবাড়ির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাসহ কারাদণ্ডের আদেশ দিয়েছেন।








