আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু

ডেস্ক

শেয়ারঃ

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু- খবরের থাম্বনেইল ফটো

ইরান এবং গাজা নিয়ে আলোচনা জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউজে পৌঁছেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছে আলজাজিরা।


প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার আগেই ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।


ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে রুবিওর সঙ্গে ওই বৈঠকে ট্রাম্পের শান্তি বোর্ডে ইসরায়েলের যোগদানের বিষয়ে নথিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসময় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে রুবিওর পাশে বসে থাকতে দেখা যায়।


এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের পারমাণবিক কর্মসূচির পাশপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধের জন্যও চাপ সৃষ্টি করার আহ্বান জানাবেন।


যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলে যান, ‘আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।’


প্রসঙ্গত, ইরান যখন ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী পালন করছে ঠিক নেই দিনেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর ষষ্ঠ সফর।


এদিকে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বিষয়কে এর সঙ্গে যুক্ত করার প্রস্তাব তারা বারবার নাকচ করেছে।


বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনও আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না।


তিনি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্রের ওপর কেউ সামান্যতম আগ্রাসনও করতে পারবে না। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো আলোচনার বিষয় নয় এবং হবেও না।’


সম্পর্কিত খবর