আন্তর্জাতিক

গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, ১২ জনকে মৃত্যুদণ্ড দিল শ্রীলঙ্কা

ডেস্ক

শেয়ারঃ

গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, ১২ জনকে মৃত্যুদণ্ড দিল শ্রীলঙ্কা- খবরের থাম্বনেইল ফটো

২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সময় একজন সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগে ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির আদালত।


লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বুধবার দেশটির গাম্পাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ তৎকালীন ক্ষমতাসীন জোট পোদুজানা পেরামুনা (এসএলপিপি)-এর নেতা ও সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালা ও তার দেহরক্ষীকে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন।


তদন্তকারী কর্মকর্তারা আদালতকে বলেছেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী আইনপ্রণেতা অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। পরে জনরোষের মুখে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন আথুকোরালা ও দেহরক্ষী। এসময় প্রায় পাঁচ হাজার মানুষ তাদেরকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত তাদেরকে পিটিয়ে হত্যা করে।


এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪২ জনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। এছাড়াও আরও চারজন ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত, যা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে।


অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২৩ জন অভিযুক্তকে খালাস দেওয়া হয়, ইতোমধ্যেই তাদের মুক্তিও দেওয়া হয়।


প্রসঙ্গত, দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক পতনের ফলে খাদ্য ও জ্বালানি আমদানির জন্য নগদ অর্থের অভাব দেখা দেয়, ঋণ খেলাপি হয়ে পড়ে এবং রান্নার গ্যাস ও পেট্রোলের জন্য মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়। শ্রীলঙ্কানরা এই বিপর্যয়ের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দায়ী করে ব্যাপক বিক্ষোভ শুরু করে।


ব্যাপক জনরোষে দেশটির তৎকালনি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তার মন্ত্রিসভায় সদস্য আরও দুই ভাই এবং এক ভাগ্নে পদত্যাগ করতে বাধ্য হয়। তবে এতেও বিক্ষোভ কমেনি, পরে ২০২২ সালের ১৩ জুলাই ভোর প্রবল গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে রাতের আঁধারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলংকার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।


সম্পর্কিত খবর