জাতীয়
রাজশাহীতে ভোরের আলো ফুটতেই ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ সারি, উৎসবমুখর পরিবেশ

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। ভোট প্রদান করতে পেরে তারা ছিলেন বেশ উচ্ছ্বসিত। নগরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোর সাড়ে ছয়টার পর থেকেই নারীদের দীর্ঘ লাইন চোখে পড়ে।
প্রথম ভোটার হিসেবে ভোট দিতে এসেছেন টিয়ামনি। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভোট দিচ্ছি। আমার খুবই আনন্দ লাগছে। আগে কখনও ভোট দিইনি। এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছি। যাকে যোগ্য মনে হচ্ছে, তাকেই ভোট দেব।’
রাবেয়া বেগম ভোট দিয়ে বলেন, ‘অনেক বছর তো ভোট দিতে পারিনি। এবার দিতে পেরে খুব ভালো লাগছে। এবার দুটো ভোট দিয়েছি। খুব কম সময়ই লেগেছে।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। নারী ভোটাররা খুব ভোরে ভোট দিতে চলে এসেছেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।
এবার রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৫টি।








