বিনোদন
১৬ ঘণ্টার ভোগান্তি পেরিয়ে ভোট দিলেন পারশা মাহজাবিন

দীর্ঘ যানজটের ভোগান্তি সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ়তা দেখালেন তরুণ সংগীতশিল্পী পারশা মাহজাবিন। তিনি বগুড়া জিলা স্কুল কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পারশা জানান, ভোট দিতে তিনি ঢাকা থেকে প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় পৌঁছান। নাগরিক দায়িত্ববোধ থেকেই এ কষ্ট স্বীকার করেছেন বলে উল্লেখ করেন তিনি।
ভোট প্রদান শেষে পারশা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া তাঁর দায়িত্বের অংশ। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এ দায়িত্ব পালনে বাধা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের দিন শাড়ি পরে কেন্দ্রে যাওয়ার কথাও জানান এ শিল্পী। তাঁর ভাষায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের দিনটি তাঁর কাছে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন, নাগরিকদের প্রত্যেকটি ভোট সম্মিলিতভাবে জাতির ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে।
আগামী দিনের রাষ্ট্রপরিচালনা প্রসঙ্গে পারশা আশা প্রকাশ করেন, দেশে শিক্ষা, ন্যায়বিচার, সহনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের পরিবেশ আরও সুদৃঢ় হবে। তিনি এমন একটি সমাজের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
সার্বিকভাবে ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের আগ্রহ ও অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







