বিনোদন

শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশায় ভোট দিলেন জেমস

ডেস্ক

শেয়ারঃ

শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশায় ভোট দিলেন জেমস- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।


ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভক্ত ও উপস্থিত ভোটাররা তাঁকে ঘিরে ধরেন। তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং অনেকের সঙ্গে ছবি তোলেন। দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


ভোট প্রদান শেষে জেমস বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি। সামনে যারা দায়িত্বে আসবেন, তারা যেন এ ধারা অব্যাহত রাখেন। দেশে যেন শান্তি আসে, মানুষ যেন ভালো থাকে—এই প্রত্যাশাই করি।”


নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “খুবই সুন্দর ও স্বচ্ছভাবে ভোট দিতে পেরেছি। কোনো ধরনের ঝামেলা হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।”


এ সময় তিনি তাঁর ব্যান্ডের সদস্যসহ দেশের নাগরিকদের ভোটদানে উৎসাহিত করেন। ভোটের মাধ্যমে জনগণের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত হওয়াকে তিনি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।


সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।


সম্পর্কিত খবর