জাতীয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%, গণভোটে হ্যাঁ ৬০.২৬%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটারদের অংশগ্রহণ শতকরা ৫৯.৪৪ শতাংশ হয়েছে। অনুরূপভাবে, একই দিনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের হার ৬০.২৬ শতাংশ, আর না ভোটের হার ৩০ শতাংশের কম। ফলে গণভোটের পক্ষে দেশের জনগণ স্পষ্টভাবে সমর্থন জানিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার দুপুর ২টায় সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সারা দেশের কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোটের হার নির্ধারণ করা হয়েছে। ফলাফল অনুযায়ী ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে আগের নির্বাচনের চেয়ে বেশি।”
ইসি সূত্রে জানা গেছে, এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের জন্য মোট ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোট প্রার্থীসংখ্যা ২,০২৮ জন।
ফলাফলে বিএনপি এককভাবে ২১১টি আসন পেয়েছে (চট্টগ্রামের ২টি স্থগিত ফলসহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপী) ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে জয়লাভ করেছেন।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ২৯ ভোট, আর না ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবারের ভোটার উপস্থিতি বৃদ্ধির পেছনে প্রধান কারণ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি যথাযথভাবে নিশ্চিত হওয়া।








