আন্তর্জাতিক

যুক্তরাজ্যের উচ্চ আদালত ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল

ডেস্ক

শেয়ারঃ

যুক্তরাজ্যের উচ্চ আদালত ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাজ্যের উচ্চ আদালত ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞা বাকস্বাধীনতা ও সমাবেশের অধিকারকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে।


বিচারপতি ভিক্টোরিয়া শার্প রায় প্রদানকালে উল্লেখ করেন, সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার পদ্ধতি আইনসম্মত ছিল না। রায়টি আসে সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি দায়ের করা বিচারিক পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে।


২০২৫ সালের জুলাই মাসে ব্রিটিশ সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে। তখন বলা হয়, সংগঠনটির সদস্য হওয়া, প্রকাশ্যে সমর্থন জানানো বা তাদের প্রতীক প্রদর্শন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান থাকবে। নিষেধাজ্ঞার পর যুক্তরাজ্যজুড়ে শতাধিক ব্যক্তি গ্রেপ্তার ও অভিযুক্ত হন।


সরকার অভিযোগ করেছিল, গাজায় চলমান যুদ্ধে প্রতিবাদ হিসেবে সংগঠনটির কর্মীরা দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমানের প্রায় ৭ মিলিয়ন পাউন্ড (৯.৩ মিলিয়ন ডলার) ক্ষতি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালতে যুক্তি দেয়, “গুরুতর সম্পত্তি ক্ষতি সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হতে পারে এবং নিষিদ্ধ সংগঠনগুলোকে অর্থ ও প্রচার থেকে বঞ্চিত করাই আইনের উদ্দেশ্য।”


অন্যদিকে আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী নাতাশা বার্নস বলেন, নিষেধাজ্ঞা ফিলিস্তিনি জনগণের পক্ষে বা গাজায় ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া থেকে কাউকে বিরত করেনি।


উচ্চ আদালতের এই রায়ের পর ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত সন্ত্রাসী তকমা প্রত্যাহার হলো। এটি নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্কের সূত্রপাত করেছে।


সম্পর্কিত খবর