আন্তর্জাতিক

সন্ত্রাসী হুমকি মোকাবিলায় নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা মোতায়েন

ডেস্ক

শেয়ারঃ

সন্ত্রাসী হুমকি মোকাবিলায় নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা মোতায়েন- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর নাইজেরিয়ায় সন্ত্রাসী হুমকি মোকাবিলায় স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে ১০০ জন সামরিক সদস্য মোতায়েন করেছে। বোকো হারাম ও আইএসআইএল (আইএসিস)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র সামাইলা উবা সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় বাউচি এলাকায় মার্কিন সেনাদের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা স্থানীয় বাহিনীকে কারিগরি সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান–প্রদানের মাধ্যমে ‘সন্ত্রাসী সংগঠন’ শনাক্ত ও পরাজিত করতে সহায়তা করবে। এ মিশনের অংশ হিসেবে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।


উবা জোর দিয়ে বলেন, ‘মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। বরং নাইজেরীয় বাহিনীর পূর্ণ কমান্ড কর্তৃত্বের অধীনে থেকে তারা কেবল কারিগরি দক্ষতা ও পরামর্শ দেবে।’


নাইজেরিয়ার সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে-এমন সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য উদ্ধৃত করে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তা সহযোগিতায় কাজ করছে। উত্তর নাইজেরিয়ায় সক্রিয় বোকো হারাম এবং আইএসআইএল-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে এই সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত খবর