জাতীয়
তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বলেছেন: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কেবিনেট মিটিংয়ে আইনশৃঙ্খলা উন্নতি করার ও সুন্দর রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি আমরা কীভাবে এলাকার উন্নয়ন অব্যাহত রাখি এসব বিষয়ে মিটিং হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দাবি জলাবদ্ধতা দূরীকরণ।
এ জলাবদ্ধতা নিরসন করার জন্য আমরা বৃহত্তর নোয়াখালী মধ্যেই একটি নতুন প্রকল্প হাতে নিয়েছি। ভুলুয়া নদী ও রহমতখালী খাল খননের কার্যক্রম।
আক্ষেপ-প্রকাশ করে এ্যানি চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের প্রধান চিকিৎসা কেন্দ্র জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেই বললেই চলে। চিকিৎসা হচ্ছে প্রতিটি মানুষের মৌলিক অধিকার। মানুষের পাশে থেকে আমরা সহায়তা দেব, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আগামীকাল এসকল বিষয় মিটিংয়ে আলোচনা করা হবে।
পানিসম্পদ মন্ত্রী এদিন সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন চৌধুরী ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ প্রমুখ।








