আন্তর্জাতিক

বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের, প্রমাণ চাইলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

শেয়ারঃ

বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের, প্রমাণ চাইলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ৩২ হাজার মানুষ নিহত হয়েছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবিকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছে তেহরান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সরকার স্বচ্ছতার সঙ্গে হতাহতের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। ওয়াশিংটনের উদ্দেশে তিনি বলেন, “আমাদের পরিসংখ্যান নিয়ে কারও সন্দেহ থাকলে প্রমাণ উপস্থাপন করা উচিত।”


তেহরানের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় ৩ হাজার ১১৭ জন বেসামরিক নাগরিক এবং প্রায় ২০০ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আরাগচি দাবি করেন, তালিকাভুক্তদের মধ্যে কয়েকশ ব্যক্তি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন এবং বিদেশি সহায়তা পেয়েছিলেন।


এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে সাম্প্রতিক দমন-পীড়নে ৩২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির জনগণ ‘ধর্মতান্ত্রিক শাসনের অধীনে চরম দুর্দশায়’ জীবনযাপন করছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, প্রাণঘাতী দমন-পীড়নের পর গত মাসের বিক্ষোভের ধারাবাহিকতায় রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আবারও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।


এদিকে ইরান সরকারের পক্ষ থেকে বিক্ষোভের জন্য ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ও বিদেশি শক্তিকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ চুক্তিতে পৌঁছাতে তারা প্রস্তুত।


আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।


সম্পর্কিত খবর