জাতীয়
অভিযোগের বিষয়ে মুখ খুললেন তাজুল ইসলাম, দিলেন চ্যালেঞ্জ

মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এসব অভিযোগের পক্ষে কেউ সামান্য তথ্য-প্রমাণও উপস্থাপন করতে পারবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান।
বক্তব্যে তাজুল ইসলাম বলেন, গত দুই দিনে কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর একজন প্রসিকিউটরের বরাত দিয়ে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও প্রমাণবিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ট্রাইব্যুনালে তাঁর ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁর দাবি।
তাজুল ইসলাম আরও বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ও চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি অন্যদিকে সরাতেই একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে বিচারকাজ বাধাগ্রস্ত হয়।
দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও দাবি করেন তিনি। দায়িত্ব ছাড়ার পর বিশেষ মহল ভিত্তিহীন অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাজুল ইসলাম।
এ ধরনের ‘মিথ্যাচার ও অপপ্রচার’ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে।








