জাতীয়

চাঁদপুর বার নির্বাচন বর্জন করল জামায়াত-সমর্থিত প্যানেল, পুনঃতফসিলের দাবি

ডেস্ক

শেয়ারঃ

চাঁদপুর বার নির্বাচন বর্জন করল জামায়াত-সমর্থিত প্যানেল, পুনঃতফসিলের দাবি- খবরের থাম্বনেইল ফটো

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।


রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের প্যানেলের প্রার্থীরা পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, বহিরাগতদের মাধ্যমে প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার তিন দিন পার হলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।


ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের ওপর বহিরাগতদের হামলা হয়। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে ওই সময় ক্যামেরা বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।


এ পরিস্থিতিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে প্যানেলটির নেতারা নির্বাচনের তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানান।


এদিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর