জাতীয়
সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তেমনি জাতীয় সংসদেও তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তারা আম্পায়ারের মতোই নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। সেই সংসদের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। আগামী দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্পিকার বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও সহনশীলতা প্রয়োজন। সরকারি দল ও বিরোধী দল উভয়ই দেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে আশা করি। জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি এবং অনেক সময় বিরোধী দল তাদের অবস্থান জানানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করে। তবে সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে সবাই সংসদের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলবে বলে আশা করি।
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিরোধী দল তাদের রাজনৈতিক অবস্থান থেকে গতকাল কার্যক্রম পরিচালনা করেছে। তবে জাতীয় সংসদে শৃঙ্খলা ও সংসদীয় সংস্কৃতি বজায় রাখা সবার দায়িত্ব।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কার্যকর ও গ্রহণযোগ্য রাখতে স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখব। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষ থেকে খেলা পরিচালনা করেন, তেমনি সংসদ পরিচালনায়ও সেই নীতি অনুসরণ করা হবে।








