সারাদেশ
কুমিল্লায় অবৈধ মাটি কাটার ঘটনায় সেনা ও প্রশাসনের যৌথ অভিযান

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতের অভিযানে প্রশাসনের পক্ষ থেকে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তারের নেতৃত্বে কর্মকর্তারা অংশ নেন। সহযোগিতা করে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল।
স্থানীয়দের অভিযোগ, কোটিশ্বর এলাকার বাসিন্দা সালাম সরকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল।
অভিযানকালে সালাম সরকারকে পাওয়া যায়নি, তবে তার ভাতিজা মুজাহিদকে পাওয়া যায়। তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনোভাবে ফসলি জমির মাটি কাটা না হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন, "ফসলি জমি রক্ষা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি হতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।







