ক্যাম্পাস
পাবিপ্রবির স্থাপত্য বিভাগে দুই দিনব্যাপী থিসিস জুরি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ((পাবিপ্রবি) স্থাপত্য বিভাগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘স্টুডিও এক্স: জুরি ২০২৬’। দুই দিনব্যাপী এই আয়োজন আগামী ১১ ও ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্টুডিও–১-এ অনুষ্ঠিত হবে।
জানা যায়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জুরি কার্যক্রম চলবে। এতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত থিসিস প্রকল্প উপস্থাপন করবেন এবং বিশিষ্ট স্থপতি ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেগুলোর মূল্যায়ন করবেন।
জুরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সমসাময়িক ও প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ইকো-ট্যুরিজম, স্বাস্থ্যসেবা অবকাঠামো, সাংস্কৃতিক কেন্দ্র, পরিবেশবান্ধব উন্নয়ন, উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।
স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, “স্টুডিও এক্স জুরি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণার ফলাফল উপস্থাপন করার সুযোগ পাই। জুরি বোর্ডের মূল্যবান পরামর্শ আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অনেক কাজে আসবে।”







