এক্সক্লুসিভ
রাজধানীতে শুরু হলো ‘প্যালেট অফ প্যাশন’ গ্রুপ আর্ট এক্সজিবিশন ২০২৬

রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রুপ আর্ট এক্সিবিশন ‘প্যালেট অব প্যাশন’। শিল্প সংগঠন শিল্প বাংলা আয়োজিত এ প্রদর্শনী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং একটি শিল্প আন্দোলনের রূপ নিচ্ছে। শিল্প বাংলার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী রোকেয়া সুলতানা। তিনি বলেন, তরুণ শিল্পীদের ধারাবাহিক চর্চা তাদের সঠিক পথে এগিয়ে নিচ্ছে এবং শিল্পচর্চা তাদের অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার হাসান টোগর। তিনি এবারের আয়োজনকে আগের তুলনায় আরও উন্নত ও মানসম্মত বলে উল্লেখ করেন।
প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীদের বিভিন্ন মাধ্যম ও শৈলীর কাজ স্থান পেয়েছে। বিমূর্ত ভাবনা থেকে শুরু করে বাংলার প্রকৃতি ও যাপিত জীবনের নানা দিক ক্যানভাসে ফুটে উঠেছে। অতিথিরা তরুণ শিল্পীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন তাদের নতুন কাজের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেন জামিল আহমেদ ও সুলতানা মিমি। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী ও লেখক মরিয়ম আক্তার এনি।
উল্লেখ্য, এবারের আয়োজনে শতাধিক শিল্পীর মধ্য থেকে ১১ জন শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
শিল্পপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রয়েছে।





