জাতীয়

তারেক রহমানের কাছে আবু সাঈদ হত্যার বিচার চাইলেন বাবা

ডেস্ক

শেয়ারঃ

তারেক রহমানের কাছে আবু সাঈদ হত্যার বিচার চাইলেন বাবা- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় রংপুরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তারেক রহমানের কাছে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে আবু সাঈদ হত্যার বিচার চান বাবা মকবুল হোসেন।


শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুর জাফরপাড়ায় উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।


পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন তারেক রহমানের কাছে সারাদেশে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের খোঁজ খবর নিতে অনুরোধ জানান। সেই সঙ্গে রংপুরের পীরগঞ্জে একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ এবং অবহেলিত পীরগঞ্জবাসীর জন্য কলকারখানা নির্মাণের কথা বলেন।



তারেক রহমান বলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে অবশ্যই আপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে।


এসময় তারেক রহমান শহীদ আবু সাঈদের পিতার কাছে দোয়া কামনা করেন। প্রতি উত্তরে মকবুল হোসেন বলেন, আপনি এবারে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।


এসময় জেলা বিএনপির আহবায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এ জাহিদ হোসেনসহ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর