জাতীয়
বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে: তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে নতুন করে গড়ে তোলা হবে এবং তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় শিল্প ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে। যারা আপনাদের রাজনৈতিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরিসহ অনেক মানুষ নির্যাতিত হয়েছেন। এই আত্মত্যাগের মূল্য দিতে হলে শুধু সভা-সমাবেশ করলেই চলবে না।’ তিনি বলেন, ভোটাধিকার ফিরে পেতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে সোচ্চার হতে হবে।
তারেক রহমান বলেন, ‘১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা জবাব দিতে পারেন, তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই প্রকৃত জবাব পাবে।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। ‘আমাদের কাছে সবার আগে বাংলাদেশের নাগরিকত্ব গুরুত্বপূর্ণ, ধর্ম নয়,’—বলেন তিনি।
স্বৈরাচারের পতনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন দেশ গড়ার সময়। ‘আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য,’—বলেন তিনি।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








