জাতীয়
আন্তর্জাতিক চা দিবস: চুমুকে চুমুকে সুখের দিন

এক কাপ ধোঁয়া ওঠা চা—ক্লান্তি দূর করার পাশাপাশি জীবনের ছোট-বড় মুহূর্তের নীরব সঙ্গী। সকালের আলসেমি কাটানো থেকে বিকেলের আড্ডা—চা যেন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজ ২১ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক চা দিবস’।
চায়ের ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। প্রচলিত কাহিনি অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ২৭২৭ অব্দে চীনা সম্রাট শেন নুং-এর রাজপ্রাসাদে গরম পানির পাত্রে বাতাসে উড়ে এসে পড়ে কিছু বুনো চা পাতা। সেই পানি পান করেই তিনি নতুন স্বাদ ও সতেজতার অভিজ্ঞতা পান। শুরুতে ঔষধি ভেষজ হিসেবে ব্যবহৃত চা ধীরে ধীরে রাজকীয় পানীয়তে পরিণত হয়। পরবর্তীতে ১৬ শতকে পর্তুগিজ বণিকদের মাধ্যমে এটি ইউরোপে পৌঁছায় এবং ১৭ শতকে ব্রিটিশদের হাত ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয় হিসেবে ছড়িয়ে পড়ে।
জাতিসংঘ ২০১৯ সালে ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০২০ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশসহ চা উৎপাদনকারী দেশগুলোতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
তবে এই দিবসের পেছনে রয়েছে শ্রমিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশ্বায়নের যুগে বহুজাতিক করপোরেশনগুলোর শোষণ, চায়ের মূল্য পতন, বাগান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে চা শ্রমিকদের সংগঠিত আন্দোলন থেকেই আন্তর্জাতিক চা দিবসের ধারণা জন্ম নেয়।
২০০৪ সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম’-এ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও কেনিয়ার মতো চা উৎপাদনকারী দেশের শ্রমিক নেতারা একত্রিত হয়ে চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি সামনে আনেন। সেখানে বিশ্বব্যাপী চা শ্রমিকদের দুর্দশা—দারিদ্র্য, অপুষ্টি এবং মৌলিক অধিকার বঞ্চনার চিত্র তুলে ধরা হয়।
এই প্রেক্ষাপটে চা শ্রমিক সংগঠনগুলো একটি আন্তর্জাতিক চা দিবস ঘোষণার দাবি তোলে। পরবর্তীতে ২০০৫ সালে দিল্লির এক সম্মেলনে ১৫ ডিসেম্বরকে অনানুষ্ঠানিকভাবে চা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তার পেছনে ঐতিহাসিকভাবে যুক্ত ছিল ১৭৭৩ সালের ‘বোস্টন টি পার্টি’—ব্রিটিশ করের বিরুদ্ধে প্রতিবাদে আমেরিকার বোস্টন বন্দরে শত শত চায়ের বাক্স পানিতে ফেলে দেওয়ার ঘটনা।
পরবর্তীতে চা উৎপাদনের মৌসুম ও শ্রমিকদের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জাতিসংঘ ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে চূড়ান্তভাবে নির্ধারণ করে। মে মাসে চায়ের নতুন মৌসুম শুরু হয়, যখন পাতা সবচেয়ে সতেজ থাকে—এটিও তারিখ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ কারণ।
বিশ্বে পানির পর সবচেয়ে বেশি গ্রহণ করা পানীয় হলো চা। এটি শুধু একটি জনপ্রিয় পানীয় নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ খাত। চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে লাখ লাখ চাষি ও শ্রমিক, যাদের একটি বড় অংশ নারী শ্রমিক।
তবে বিশেষজ্ঞরা বলছেন, চা শিল্প এখন নতুন সংকটের মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং উৎপাদন ব্যাহত হওয়ার ফলে চা উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এতে শুধু বাজার নয়, কোটি শ্রমিকের জীবিকাও হুমকির মুখে।
বিশ্ব চা দিবসে তাই শুধু চায়ের স্বাদ উদযাপন নয়, বরং এর পেছনের শ্রমিকদের অধিকার, ন্যায্যতা এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। চা শিল্পকে টিকিয়ে রাখতে এখনই কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন—এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা।







