জাতীয়
মানবিক সংকটে তিন দেশে ধারাবাহিক কার্যক্রম চালাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল

বাংলাদেশসহ গাজা ও সুদানের প্রত্যন্ত অঞ্চলে সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে অরাজনৈতিক সেবাসংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। স্বাস্থ্যসেবা, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জরুরি চিকিৎসা, মেডিকেল ক্যাম্প পরিচালনা, আহত ও অসুস্থদের সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী বিতরণ করছে সংস্থাটি।
সংস্থাটির প্রকাশিত ভিডিও ও ভিজ্যুয়াল আপডেট পর্যালোচনায় দেখা গেছে, প্রতিটি কার্যক্রমে নির্দিষ্ট তারিখ ও দিনের উল্লেখ রাখা হচ্ছে, যা মাঠপর্যায়ের কাজ সময়ভিত্তিকভাবে যাচাই করার সুযোগ তৈরি করছে। সংস্থার তথ্যমতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে ছয়টি হাসপাতালে তাদের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়টি সংস্থার উপস্থাপনা হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দেশ ও বিদেশের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কার্যক্রমের জন্য মিশরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, বিভিন্ন মিশরীয় মানবাধিকার সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেছেন।
সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ বলেন, ‘আমাদের প্রতিটি কার্যক্রমের ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। এতে দাতা ও সাধারণ মানুষের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে।’ তিনি আরও বলেন, যাচাইযোগ্য তথ্য, সময় ও তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ের মাধ্যমে সংস্থাটি সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে।
মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে থেকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।








