জাতীয়

সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। 


মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ এর নীতিগত বিরোধী। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার বিচার কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলমান রয়েছে। আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। হালনাগাদ তথ্য অনুযায়ী, ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। 


তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সরকার সেই ব্যবস্থা করছে। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী বা নির্দোষ সাব্যস্ত করার আইনি প্রক্রিয়া, যুক্তিতর্ক এবং রায়ের দিন ধার্য করার বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার।


মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম ইতোমধ্যে সরেজমিনে তদন্ত করেছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।


হাসপাতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান মন্ত্রী। 


তিনি বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলে পুলিশ দোষীদের হাতেনাতে গ্রেফতার ও কঠোর তদন্ত নিশ্চিত করবে।


পবিত্র ঈদুল আজহা উদযাপনকালে দেশজুড়ে নিরাপদ পরিবেশ এবং যানজট নিরসনে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় ক্যামেরা প্রযুক্তি ট্রায়াল বেসিসে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে আইনি ব্যবস্থা ও মামলা রুজু হচ্ছে। 


তিনি বলেন, গভীর রাতেও চালকেরা ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, যা সুশাসনের প্রতীক। পুলিশ, ট্রাফিক বিভাগ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে নিজস্ব প্রযুক্তিতে এই ট্রাফিক অটোমেশনকে আরও পূর্ণাঙ্গ রূপ দেওয়া হচ্ছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকা সিটিতে এর বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। 


তিনি আরও বলেন, ঢাকা সিটিতে সফলতার পর এই ‘এআই ট্রাফিক সিস্টেম’ দেশের অন্যান্য বড় মেগাসিটি ও মেট্রো এলাকায় সম্প্রসারণ করা হবে।


বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আসন্ন বার্ষিক বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এই ডায়ালগে মাদক পাচার রোধ ও সীমান্ত নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে। 


ব্রিফিংয়ে মন্ত্রিসভা পুনর্গঠন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার, এ বিষয়ে অন্য কারো মন্তব্য করার সুযোগ নেই।


সম্পর্কিত খবর