জাতীয়
কিশোরগঞ্জে জামায়াতের জনসভা
আইডি হ্যাক ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ডা. শফিকুর রহমানের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাক সংক্রান্ত বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশ পাওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে ইস্যু করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ব্যবসা’ করছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “পঁচা ও বিভাজনমূলক রাজনীতি নয়—২৪-এর যুবসমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, নারী ইস্যুকে ব্যবহার করে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
তিনি আরও বলেন, “চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার প্রকৃত রায়কে আমরা সম্মান করতে ও অভিনন্দন জানাতে প্রস্তুত।”
জামায়াত আমির বলেন, “আমরা নোংরা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ মানবিক মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক।”
তিনি যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাই মাসে দেশের যুবসমাজ সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। “তাদের আত্মত্যাগ ও বুকের রক্তের বিনিময়ে জাতি নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই,”—বলেন তিনি।
জনসভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








