জাতীয়

খুলনা-৪ আসনে স্মার্ট ভোটার স্লিপ কার্যক্রমের উদ্বোধন করেন আজিজুল বারী হেলাল

ডেস্ক

শেয়ারঃ

খুলনা-৪ আসনে স্মার্ট ভোটার স্লিপ কার্যক্রমের উদ্বোধন করেন আজিজুল বারী হেলাল- খবরের থাম্বনেইল ফটো

খুলনা-৪ সংসদীয় আসনে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট ভোটার স্লিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।


সোমবার রাত ১০টায় রূপসা উপজেলার তেরখাদা ও দিঘলিয়া থানাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক জরুরি সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


এ সময় আজিজুল বারী হেলাল বলেন, ভোটারদের নির্ভুল তথ্য নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে জনগণকে সহায়তা করতেই স্মার্ট ভোটার স্লিপ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভোটারদের কাছে তথ্য পৌঁছে দিতে তিনটি পৃথক পদ্ধতি অনুসরণ করা হবে।


তিনি বলেন, প্রথম পদ্ধতিতে স্টিকার সংযুক্ত ভোটার তথ্য স্লিপ প্রস্তুত করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভোটারদের বাড়ির দেয়াল বা দরজায় লাগানো হবে। দ্বিতীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় কিউআর কোড স্ক্যান অথবা গুগল প্লে স্টোর থেকে helalkhulna4bnp.info সার্চ করে সহজেই ভোটার তথ্য সংগ্রহ করা যাবে। তৃতীয় পদ্ধতিতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত ‘ভোট ঘর’ থেকে সরাসরি ভোটার স্লিপ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন ভোটাররা।


আজিজুল বারী হেলাল আরও বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো কোনো ভোটার যেন বিভ্রান্ত না হন এবং কেউ যেন ভোটার তথ্য থেকে বঞ্চিত না থাকেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”


উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, তিন থানার আহ্বায়ক ও সদস্য সচিব, ১৫টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ভোটকেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।


সম্পর্কিত খবর