ক্যাম্পাস
শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা , ফের আন্দোলনে যাচ্ছে শেকৃবি
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠে ( পুরাতন বানিজ্য মেলার মাঠ নামে পরিচিত) সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফের আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেকৃবির নিজস্ব জায়গা হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দেওয়ার দাবিতে টেক ব্যাক শেকৃবি ল্যান্ড শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তাদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, কৃষি গবেষণার জন্য জমির সংকটের কারণে পুরোনো বাণিজ্য মেলার মাঠটি ফিরে পাওয়া শেকৃবির জন্য গুরুত্বপূর্ণ। মাঠটি ফিরে পেলে সেখানে শিক্ষার্থীরা হাতে কলমে গবেষণার কাজ করতে পারবেন।





