জাতীয়
হার-জিত থাকবে কিন্তু সহিংসতা চাই না: ইশরাক

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহিংসতা, ভোটকেন্দ্র দখল কিংবা ফ্যাসিবাদী আচরণ চান না বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, নির্বাচন হবে হার জিত থাকবে। একজন জিতবে, একজন হারবে। যে হারবে, সে বিরোধী দলে যাবে। কিন্তু নির্বাচনকে ঘিরে মারামারি, খুন খারাবি কিংবা ভোটকেন্দ্র দখলের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করার রাজনীতি আমরা চাই না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগে ঢাকা-৬ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ড. আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার ইশরাকের সঙ্গে দেখা হওয়ার পর তাকে তিনি বাসায় নিয়ে যান। এ সময় ড. আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার ইশরাকের মায়ের সঙ্গেও দেখা করেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশের স্বার্থে ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৭ বছরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পরিবারের অরাজনৈতিক ব্যক্তিরাও নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আমরা সেটা চাই না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কখনো করা হবে না।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা ধ্বংস হয়েছে। সেই ধরনের সংস্কৃতি আর যেন কখন ফিরে না আসে।








