জাতীয়

ঢাকা-১১ আসনে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ডেস্ক

শেয়ারঃ

ঢাকা-১১ আসনে নারী ভোটারদের উপচে পড়া ভিড়- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই ঢাকা-১১ আসনের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


বৃহস্পতিবার সকালে সরেজমিনে উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।


তাসলিমা জাহান নামের এক ভোটার বলেন, “আমি অনেক আগে ভোটার হয়েছি। কিন্তু তখন ভোট দিতে পারিনি। এবারই আমার প্রথম ভোট। গতকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন ভোট দিতে আসব। এখানে এসে দেখি সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে।”


তিনি আরও বলেন, “আমাদের পরিবারে সাতজন ভোটার। এতদিন ভোট দেওয়ার সুযোগ ছিল না। যাদের মাধ্যমে এমন সুযোগ সৃষ্টি হয়েছে, তাদের কথা অবশ্যই মনে রাখতে হবে।”


মুসলিমা বেগম নামে মধ্যবয়সী আরেক ভোটার বলেন, “আজ ভোট দিতে এসে মনে হচ্ছে যেন কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। সবার মধ্যে আনন্দ, সবাই হাসিখুশি। একে অন্যের সঙ্গে মন খুলে কথা বলতে পারছি।”


তিনি বলেন, “আগে ভোটের সময় এলেই এক ধরনের আতঙ্ক কাজ করত। মনে হতো কখন যেন কোনো খারাপ ঘটনা ঘটে যায়। কিন্তু এখন সেই ভয় নেই। আমরা এমন পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই।”


এদিকে, ঢাকা-১১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. এ. কাইয়ুম। এছাড়া গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদসহ আরও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর: ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ এবং ৪২ নিয়ে ঢাকা ১১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪,৩৯,০৭৮


যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৮৭৭, নারী ভোটার, ২,১৬,১৯৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিন জন।


সম্পর্কিত খবর