জাতীয়

ফলাফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক

শেয়ারঃ

ফলাফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।


বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারি ভূমিকা গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকারের প্রমাণ বহন করে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।


নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। তাঁদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলে বৃহৎ এই গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা ও সহনশীলতা বজায় থাকে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


অধ্যাপক ইউনূস বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস—এ নির্বাচন তারই প্রতিফলন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর