জাতীয়

বিএনপির নিরঙ্কুশ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন

ডেস্ক

শেয়ারঃ

বিএনপির নিরঙ্কুশ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ের সামনে প্রতিক্রিয়া জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।


তিনি বলেন, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। বিএনপির প্রতি জনগণের আস্থা, সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে। তিনি দাবি করেন, বিএনপি বাংলাদেশের বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক শক্তি, যা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।


মাহদী আমীন বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় এ বিজয় এসেছে। তিনি উল্লেখ করেন, গুম-খুন, হামলা-মামলা ও নানা নির্যাতনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা যে আন্দোলন চালিয়ে গেছেন, জনগণ তারই মূল্যায়ন করেছেন।


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি জনগণের আস্থার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে জনগণের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ভবিষ্যৎ সরকার জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় অঙ্গীকারবদ্ধ থাকবে এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।


বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।


এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ একটি করে আসনে জয়লাভ করেছে।


অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন সবার প্রত্যাশা—নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক চর্চা ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্টরা কার্যকর ভূমিকা রাখবেন।


সম্পর্কিত খবর