খেলাধুলা
ধ্বংসস্তূপ পেছনে ফেলে মাঠে ইরান, ৩–০ হারে শুরু এশিয়ান কাপ

ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম ইরান, আর ২১তম দক্ষিণ কোরিয়া। পরিসংখ্যান বলছিল ম্যাচের ফল কোন দিকে ঝুঁকতে পারে। শেষ পর্যন্ত স্কোরলাইনও সেই পূর্বাভাসই সত্যি করল—৩–০ ব্যবধানে জিতেছে দক্ষিণ কোরিয়া। তবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মেয়েদের এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের পারফরম্যান্স কেবল ফলাফলে আটকে থাকেনি।
দেশে চলমান অস্থিরতা ও হামলার খবরের মধ্যে টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় এসেছে ইরানের দল। নিজ দেশে স্বজনদের অনিশ্চয়তার মধ্যে রেখে মাঠে নামা—এই বাস্তবতাই ম্যাচটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ইরান রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় শত শত মানুষের প্রাণহানির খবর এসেছে। সেই প্রেক্ষাপটে মানসিক চাপ সামলে মাঠে লড়াই করাই ছিল ইরানি ফুটবলারদের বড় চ্যালেঞ্জ।
ম্যাচে ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোল কোরিয়ার জয় নিশ্চিত করে।
তবে পুরো ম্যাচজুড়ে ইরানের মেয়েরা লড়াই চালিয়ে গেছে। মাঝেমধ্যে আক্রমণে উঠে কোরিয়ার রক্ষণে চাপ তৈরি করলে গ্যালারি থেকে করতালিও পেয়েছে তারা। স্কোরলাইন বড় হলেও মানসিক দৃঢ়তায় পিছিয়ে ছিল না ইরান।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ আসরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়াও ইরানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।
আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইরান। তিন গ্রুপে মোট ১২ দল অংশ নেওয়া এই টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দলও জায়গা পাবে শেষ আটে।
হারে শুরু হলেও, কঠিন বাস্তবতার মধ্যেও মাঠে দাঁড়িয়ে লড়াই করার মানসিকতায় ইরানের মেয়েরা ইতিমধ্যে অনেকের হৃদয় জয় করেছে।







