জাতীয়
লাইভে এসে নিজের কার্যক্রমের হিসাব দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি দেবীদ্বারের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার মান পর্যালোচনায় সময় দিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব সরকারি কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
দেবীদ্বারের রাস্তাঘাটের অবস্থা উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে বেশ কয়েকটি সড়ক সংস্কার ও উন্নয়নকাজ চলছে। বর্ষা মৌসুমের আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান হাসনাত আবদুল্লাহ।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি নতুন ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন তিনি। এই পেজে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং সরকারি সহায়তা সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।
লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন। তার লক্ষ্য সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।








