আরও
গাজায় ঈদে শিশু-কিশোরদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশু-কিশোরদের সঙ্গে এবারের ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিও এবং সূত্রের তথ্য অনুযায়ী, এই মানবিক কার্যক্রম কেবল কাগজে-কলমে নয়, গাজার মাটিতে সরাসরি বাস্তবায়িত হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, একজন বয়স্ক গাজাবাসী সংস্থার ইউনিফর্মের লোগোতে আবেগঘনভাবে চুম্বন করছেন। এটি কেবল কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ নয়, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক, যা মজলুম মানুষের হৃদয়ে বাংলাদেশের মানবিক উপস্থিতির শক্তিশালী স্বীকৃতি।
গাজার রিমাল ও উত্তর গাজা অঞ্চলের ৮০টি তাঁবুর ক্যাম্পে বর্তমানে প্রায় ৫০০ মানুষ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে অসংখ্য এতিম ও স্বজনহারা শিশু। ঈদের দিনে তারা হাততালি দিয়েছে, নেচেছে এবং আনন্দে মেতেছে। যুদ্ধবিধ্বস্ত পরিবেশে এই হাসিগুলো মানবিক সহায়তার শক্তি স্পষ্টভাবে তুলে ধরে।
চলতি রমজানকে কেন্দ্র করে গাজা ও সুদানে ৪০টির বেশি প্রকল্প, রাফা ও আসওয়ান সীমান্তে আগত বাস্তুচ্যুতদের জন্য আরও ১৭-১৮টি প্রকল্পসহ মোট ৬০টির বেশি কার্যক্রম বাস্তবায়ন করেছে সংস্থাটি। প্রায় ৬,০০০ কিলোমিটার দূরের একটি দেশ থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াকে সংস্থা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে।
সংস্থার মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, রমজানকেন্দ্রিক প্রায় ২৫ লাখ টাকার কার্যক্রমের হিসাব ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বাকি কার্যক্রমের আপডেটও রিসিপ্টসহ ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। সংস্থার দৃষ্টিতে এগুলো কেবল দৃশ্যমান উদ্যোগ নয়, এগুলো দাতাদের আমানতের সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের প্রতিফলন।







