খেলাধুলা
রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো জুনিয়র

রিয়াল মাদ্রিদের জার্সিতে আবারও “রোনালদো” নামটি দেখা যেতে পারে—এবার তা ক্রিস্টিয়ানো রোনালদো নয়, তার ছেলে রোনালদো জুনিয়র। এই কিশোর ফুটবলার সম্প্রতি স্প্যানিশ ক্লাবটির যুব একাডেমিতে অনুশীলন করে আলোচনায় এসেছেন।
১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের কেডেট ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করছেন। উইঙ্গার পজিশনে তার পারফরম্যান্স যাচাই করা হচ্ছে এবং কয়েকদিন ধরে পর্যবেক্ষণে রাখা হবে।
বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে রয়েছেন। ২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি এখানে খেলছেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলেও খেলা রয়েছে তার।
যুক্তরাষ্ট্রে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি পর্তুগালের হয়ে খেলবেন। গত বছর মে মাসে প্রথমবার জাতীয় দলের ডাক পান এবং অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বিপক্ষে অভিষেক ঘটেছে। জুনে ১৬ বছর পূর্ণ হলে তিনি পুরোপুরি যুব প্রতিযোগিতায় নিয়মিত খেলার সুযোগ পাবেন।
ছেলের সম্ভাব্য রিয়াল অধ্যায় নতুন করে আলোচনায় এনেছে তারকা বাবা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের হয়ে অসাধারণ সময় কাটানো রোনালদো বর্তমানে আল নাসরে খেলছেন। ৪১ বছর বয়সেও পেশাদার ক্যারিয়ারে ১,০০০ গোলের লক্ষ্যে এগিয়ে চলছেন—এখন পর্যন্ত গোলসংখ্যা ৯৬৪।
সব মিলিয়ে, বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর স্মৃতিমাখা ক্লাবেই কি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো জুনিয়র—সেই উত্তর জানতে সময় অপেক্ষা।







