খেলাধুলা

কারা হলেন বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক?

ডেস্ক

শেয়ারঃ

কারা হলেন বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক?- খবরের থাম্বনেইল ফটো

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিবর্তে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।


নতুন কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১০ জনকে।


অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়া সাবেক ক্রিকেটার হিসেবে আছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। মিনহাজুল আবেদিন নান্নু জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দীর্ঘদিন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাবেক ক্রিকেটার আতহার আলী খান বর্তমানে একজন পরিচিত ক্রিকেট ধারাভাষ্যকার।


কমিটিতে আরও আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, তানজিল চৌধুরী এবং ফাহিম সিনহা।


এদের মধ্যে ব্যারিস্টার রাশনা ইমাম প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে। মির্জা ইয়াসির আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।


কমিটিতে থাকা সৈয়দ ইব্রাহীম আহমেদ কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করেছেন।


এছাড়া অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুকেও কমিটিতে রাখা হয়েছে।


ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত মির্জা সালমান ইস্পাহানি, সাবেক বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবু, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত তানজিল চৌধুরী এবং ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহাও এই কমিটিতে আছেন।


অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে তামিম ইকবালসহ মোট পাঁচজন সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তামিম ছাড়া বাকিরা হলেন মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু।


সম্পর্কিত খবর