জাতীয়
বেরোবি শিক্ষক মশিউর ও আসাদুজ্জামান আবু সাঈদ হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ডিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বেরোবির শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায় ঘোষণার জন্য ছয় আসামিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাংলাদেশ টেলিভিশনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে, ৫ মার্চ রায়ের জন্য এই দিন নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে ৩০ জুন তা গ্রহণ করা হয়।
মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। বাকি ২৪ জন, যার মধ্যে বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ রয়েছেন, এখনও পলাতক।
গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট থেকে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়, যেখানে পলাতক আসামিদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ নিহত হন। তার হত্যার পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।







