খেলাধুলা
বিবর্ণ মেসি, গোল পেলেও জিততে পারল না ইন্টার মিয়ামি

নতুন ঘরের মাঠে জয়ের খোঁজ এখনো অধরাই রয়ে গেল ইন্টার মিয়ামির। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে টানা দ্বিতীয় ম্যাচেও সমতায় থামতে হলো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নদের। এই ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি—একাধিক সুযোগ নষ্ট এবং অফসাইডে বাতিল হওয়া একটি গোলের হতাশা নিয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিয়ামি। ৬ মিনিটে কর্নার থেকে তৈরি সুযোগে মেসির বাড়ানো বলে জার্মান বার্তেরামে গোল করতে ব্যর্থ হন। ১৪ মিনিটে পাল্টা আক্রমণে জর্জ রুভালকাবার গোলে এগিয়ে যায় নিউ ইয়র্ক রেড বুলস।
পিছিয়ে পড়ার পর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পেতে দেরি হয় স্বাগতিকদের। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে রদ্রিগো ডি পলের ক্রস থেকে মাতেও সিলভেত্তির গোলে সমতায় ফেরে মিয়ামি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার মিয়ামি। ৫৪ মিনিটে বার্তেরামের গোলে তারা এগিয়ে যায়, যেখানে পরোক্ষ ভূমিকা ছিল মেসির। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি—৭৬ মিনিটে আদ্রি মেহমেতির গোলে আবারও সমতায় ফেরে রেড বুলস।
শেষ মুহূর্তে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় মিয়ামিকে। মেসির একটি গোল অফসাইডে বাতিল হয় এবং যোগ করা সময়ে তার নেওয়া ফ্রি কিক দারুণভাবে রুখে দেন গোলরক্ষক ইথান হোরভাথ।
ফলে নতুন স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচে ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মিয়ামিকে। তবে ইতিবাচক দিক হলো, টানা ছয় ম্যাচ অপরাজিত ইন্টার মিয়ামি। সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।







