খেলাধুলা

বোর্নমাউথের কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা আর্সেনালের, লিভারপুলের জয়

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বোর্নমাউথের কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা আর্সেনালের, লিভারপুলের জয়- খবরের থাম্বনেইল ফটো

শনিবার বোর্নমাউথের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। অন্যদিকে ফুলহ্যামকে হারিয়ে লিভারপুল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো করেছে।


টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এই ম্যাচে জয়ী হয়ে ১২ পয়েন্টের লিড নিতে পারত। কিন্তু মিকেল আর্তেতার দলের টানা তৃতীয় হার শিরোপার ভাগ্য আবার ম্যানচেস্টার সিটির হাতে তুলে দিয়েছে।


সিটির হাতে এখনও দুই ম্যাচ বেশি রয়েছে। তারা রোববার চেলসির বিপক্ষে খেলবে এবং আগামী সপ্তাহে আর্সেনালকে আতিথ্য দেবে, যা শিরোপা নির্ধারণী ম্যাচ হতে পারে।


কয়েক সপ্তাহ আগেও আর্সেনাল ঐতিহাসিক কোয়াড্রাপল শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু তারা লিগ কাপ ফাইনালে সিটির কাছে পরাজয়ের পর এফএ কাপে দ্বিতীয় টায়ারের সাউদাম্পটনের কাছে হেওে বিদায় নেয়।


২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার স্বপ্ন এখন আবার অনিশ্চিত হয়ে উঠেছে গানার্সদের, হাতে রয়েছে আর মাত্র ৬টি ম্যাচ। প্রথম ৪৯ ম্যাচে মাত্র তিনটিতে হারলেও, সাম্প্রতিক চার ম্যাচে তিনটি হার তাদের চাপে ফেলেছে।


আর্তেতা স্বীকার করেছেন, দীর্ঘদিন শিরোপা না জেতার চাপ দলকে প্রভাবিত করছে।


ম্যাচে বোর্নমাউথের হয়ে জুনিয়র ক্রোপি প্রথমে গোল করেন। এরপর ভিক্টর গিওকেরেস পেনাল্টি থেকে সমতা ফেরান। তবে আক্রমনভাগের ব্যর্থতা আর্সেনালের ভোগান্তির কারণ হয়। ৭৪তম মিনিটে অ্যালেক্স স্কট বোর্নমাউথকে জয় এনে দেন।


প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। পঞ্চম স্থানে থাকা লিভারপুল ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।


তরুণ রিও এনগুমোহা এ্যানফিল্ডে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। মৌসুম শেষে দল ছাড়তে যাওয়া মোহাম্মদ সালাহ বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন। এটি এই মৌসুমে সালাহর ষষ্ঠ লিগ গোল, যেখানে গত মৌসুমে তিনি ২৯টি গোল করেছিলেন।


ম্যানচেস্টার সিটি ও পিএসজির কাছে বড় হারের পর কোচ আর্নে স্লটের ওপর চাপ বেড়ে গিয়েছিল। তবে এই জয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি।

এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবিলের পঞ্চম স্থানে আছে। 


অন্য ম্যাচে ব্রেন্টফোর্ড ও এভারটন ২-২ গোলে ড্র করেছে। ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো দুই গোল করে মৌসুমে ২১ গোল পূর্ণ করেন, যা গোল্ডেন বুট দৌড়ে আর্লিং হালান্ডের থেকে মাত্র এক গোল কম।


ব্রাইটন ২-০ ব্যবধানে বার্নলিকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।



সম্পর্কিত খবর