খেলাধুলা
বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চার নতুন মুখ
চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)|
প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি|
নতুন চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে ঘোরির| গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক হয়েছিল তার|
বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেক হবার সম্ভাবনা রয়েছে ওপেনার ফজল ও আজানের| ২৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ১৮২৮ রান করেছেন ফজল| গড়- ৪১.৫৪|
প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে করেছেন আজানও| ১০টি শতক ও ৯টি অর্ধশতকে ৩৩ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৬৭৩ রান করেছেন তিনি|
বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে ব্যাটার ঘোরিকে| ২৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৪১.২৬ গড়ে ১৬৯২ রান করেছেন তিনি|
আরেক নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার বাট ৬৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২০৫ উইকেট শিকার করেছেন| ব্যাট হাতে একটি সেঞ্চুরির পাশাপাশি ১০ হাফ-সেঞ্চুরিতে ২১১৪ রান করেছেন বাট|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক, আসিফ আলি, আবরার আহমেদ, কামরান গুলাম ও রোহাইল নাজির|
দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাস| সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেন তিনি|
বালাদেশ সফরে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন শান মাসুদ| এই সফর দিয়ে পাকিস্তানের নতুন কোচের দায়িত্ব পালন শুরু করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ|
৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান| ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল| এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ|
পাকিস্তান টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি|







