খেলাধুলা

রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি- খবরের থাম্বনেইল ফটো

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রুবেলকে আজ বিদায়ী সম্মাননা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে এই সম্মাননা দেয় বিসিবি।


এসময় বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, সদস্য রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী উপস্থিতি ছিলেন।


বড় এক ফ্রেমে বাঁধানো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জার্সি দেওয়া হয় রুবেলকে। তিনটি জার্সিতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ম্যাচ-উইকেট-সেরা বোলিং ফিগার ও ইকোনমি রেট উল্লেখ করা ছিল। পাশাপাশি রুবেলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


বিসিবির সম্মাননা গ্রহণের পর রুবেল বলেন, ‘আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অবসরের সিদ্ধান্ত জানাই, তখন বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করে বলেন, ‘রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই।’


যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবালকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’


পেসার হান্টের মাধ্যমে ক্রিকেট অঙ্গনে উঠে আসেন রুবেল। ক্যারিয়াওে এ পর্যন্ত আসার পেছনে স্থানীয় কোচ সরোয়ার ইমরানের বড় ভূমিকা রয়েছে বলে জানান তিনি, ‘একজর মানুষের নাম না বললেই নয়, আমার আজকে রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশী, আমাকে পেসার হান্ট থেকে নিয়ে এসে যে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, তিনি আমার প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার।


স্যারের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


এরপর তার ক্রিকেট ক্যারিয়ারের সাথে যুক্ত থাকা সবাইকে স্মরণ করেন রুবেল। তিনি বলেন, ‘স্কুল পর্যায় থেকে শুরু করে বিসিবির সকল কোচ, গ্রাউন্ডসম্যান, সকল ফিজিক্যাল ট্রেইনার- সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাকে সমর্থন দিয়েছেন, সাহস যুগিয়েছেন ও আমার পাশে ছিলেন।’


ক্রিকেটার হবার পেছনে বাবা-মায়ের ভূমিকার কথা বলেন রুবেল, ‘আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি দু’জন মানুষের জন্য। তারা হলেন- আমার বাবা ও মা।


যারা আমাকে সবসময় অনেক উৎসাহ দিয়েছেন, আমার পাশে ছিলেন ও আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি তাদের আজকে খুব মিস করছি। বন্ধুবান্ধব থেকে শুরু করে গণমাধ্যমকর্মী যারা খারাপ সময়ে পাশে ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।


আর বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাই, আমি যখন জাতীয় দলে খেলা শুরু করি তখন থেকে আজ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন। সবাইকে ধন্যবাদ।’


নিজের বক্তব্য শেষে ছেলেকে নিয়ে শেষবারের মতো ২২ গজের দিকে এগিয়ে যান রুবেল। উইকেট ছুঁঁয়ে চুমু খেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।


২০০৯ সালের জানুয়ারিতে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। একই বছরের জুন ও জুলাইয়ে টি-টোয়েন্টি ও টেস্টে পথচলা শুরু হয় তার।


২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। 


আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ টেস্টে ৩৬, ১০৪ ওয়ানডেতে ১২৯ এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন ৩৬ বছর বয়সী রুবেল।


সম্পর্কিত খবর