খেলাধুলা
এই রেফারি মাঠে থাকলে হারে না মেসিরা

ছবি : সংগৃহীত
বড় ম্যাচের আগে খেলোয়াড়দের ফর্ম, কৌশল কিংবা দলের শক্তি নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ম্যাচের রেফারি। কারণ, তার সঙ্গে জড়িয়ে আছে লিওনেল মেসির একটি ব্যতিক্রমী পরিসংখ্যান, যা নতুন করে ফুটবলপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
আজ দ্বিতীয় সেমিফাইনালে বুধবার আটলান্টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাতকে।
রেফারির নাম ঘোষণার পর থেকেই ফুটবল অঙ্গনে একটি বিশেষ তথ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, ইসমাইল এলফাত ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন কোনো ম্যাচে এখন পর্যন্ত লিওনেল মেসির দল পরাজয়ের স্বাদ পায়নি।
প্রতিবেদনটি বলছে, এলফাতের দায়িত্বে থাকা ম্যাচে মেসির দল মোট পাঁচবার মাঠে নেমেছে এবং প্রতিবারই জয় পেয়েছে। ফলে তার উপস্থিতিতে মেসির দলের শতভাগ জয়ের রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে।
এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে জয় তুলে নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে ইসমাইল এলফাত চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর মেসির ক্লাবের চারটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। চারটি ম্যাচেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এর মধ্যে লিগস কাপের ফাইনালও ছিল, যেখানে টাইব্রেকারে জিতে ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তোলে ইন্টার মিয়ামি।
চলমান ২০২৬ বিশ্বকাপে এটি হবে ইসমাইল এলফাতের চতুর্থ দায়িত্ব। এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ডস এবং স্পেন-উরুগুয়ের ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া শেষ ষোলোতে নরওয়ের ২-১ গোলে ব্রাজিলকে হারানোর ম্যাচেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন।
এখন দেখার বিষয়, আর্জেন্টিনা-ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালেও ইসমাইল এলফাতের উপস্থিতিতে মেসির দলের সেই অপরাজিত রেকর্ড অটুট থাকে কি না, নাকি ইংল্যান্ডই বদলে দেবে এই আলোচিত পরিসংখ্যানের গল্প।







