খেলাধুলা
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই ক্লাসেনের

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন ইচ্ছা নেই দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিচ ক্লাসেনের। ভারতীয় সংবাদ মাধ্যমকে ক্লাসেন জানান, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছি না।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে ছন্দে আছেন ক্লাসেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০ ইনিংস ব্যাট করে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেন তিনি। তার ব্যাটিং গড়- ৫৩.১২ এবং স্ট্রাইক রেট- ১৫৬.৮২।
আইপিএলের মঞ্চে ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ পিটারসেন লিখেন, ‘দক্ষিন আফ্রিকা এখনও বিশ্বকাপ জিততে পারেনি। দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের উচিত ক্লাসেনকে ফোন করে আবার তাকে দলে ফেরানোর চেষ্টা করা।
কারণ ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলের জন্য বড় ভূমিকায় রাখতে পারবে সে।’
পিটারসেনের এমন স্ট্যাটাসের পর মুখ খুলেছেন ক্লাসেন। ভারতীয় সংবাদমাধ্যমকে ক্লাসেন বলেন, ‘দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে নেই। আমি এখন জীবনের একটা নতুন অধ্যায়ে পা রেখেছি।
লক্ষ্য হলো ক্রিকেট খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডাম দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। এছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই।’
সদ্য ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন ক্লাসেন।
২০২৫ সালের জুনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্লাসেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি। আইপিএল ছাড়াও মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ইংল্যান্ডের হান্ড্রেড ক্রিকেট, ক্যারিবীয়ান ক্রিকেট লিগ (সিপিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ টুর্নামেন্টে খেলেছেন ক্লাসেন।
২৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৩ শতক ও ৪১ অর্ধশতকে ৬৬০০ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।







