খেলাধুলা

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশি পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিং এবং অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির অলরাউন্ড নৈপুন্যে নয় বছর পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল পেশোয়ার জালমি। 


গতরাতে পিএসএলের এগারতম আসরের ফাইনালে পেশোয়ার ৫ উইকেটে হারিয়েছে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে। ফাইনালে বল হাতে ২২ রানে ২ উইকেট নিয়ে পেশোয়ারের শিরোপা জয়ে অবদান রাখেন রানা। 


এই নিয়ে দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার। এর আগে প্রথমবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 


লাহোরে টস জিতে হায়দারাবাদকে ব্যাট করতে পাঠায় পেশোয়ার। রানা ও হার্ডির বোলিং তোপে ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। ৫০ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন আইয়ুব। 


চতুর্থ বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ১ মেডেনে ২২ রান দিয়ে ২ উইকেট নেন রানা। নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও, পরের তিন ওভারে একটি মেডেনে মাত্র ৯ রান দিয়ে হায়দারাবাদের গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহকে শিকার করেন রানা। অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক ও হুনাইন ৯ রানে আউট হন। 


৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে পেশোয়ারের সফল বোলার ছিলেন হার্ডি। 


১৩০ রান তাড়া করতে নেমে ৪০ রানে ৪ উইকেট হারায় পেশোয়ার। পঞ্চম উইকেটে ৮৫ রান যোগ করে পেশোয়ারকে জয়ের দ্বারপ্রান্তে নেন হার্ডি ও আব্দুল সামাদ। 


সামাদ ব্যক্তিগত ৪৮ রানে থামলেও, ২৮ বল বাকী থাকতে পেশোয়ারের জয় নিশ্চিত করেন হার্ডি। ৯টি চারে ৩৯ বলে অনবদ্য ৫৬ রান করেন তিনি। দারুন বোলিংয়ের পর ব্যাট হাতে ম্যাচ জয়ী ইনিংস খেলে ফাইনালের সেরা হন হার্ডি। টুর্নামেন্টে ১১ ম্যাচে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিম। 


প্রথমবারের মত পিএসএল খেলতে নেমেই শিরোপার স্বাদ পেলেন নাহিদ। এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে ১৮ ওভার বল করে ৯৮ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন তিনি। সেরা বোলিং ফিগার- ৭ রানে ৩ উইকেট। ওভার প্রতি ৫.৪৪ রান খরচ করেছেন এই ডান-হাতি পেসার। 


সম্পর্কিত খবর