ক্যাম্পাস
গোবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “চড়ুইভাতি অনুষ্ঠান-২০২৬”।
শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন তানভীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার। এতে সমিতির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
চড়ুইভাতিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ছিল আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা আয়োজন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন তানভীর বলেন, “নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এই চড়ুইভাতি শুধু আনন্দের আয়োজন নয়, বরং আমাদের ঐক্যের প্রতীক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয় এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আগামীতেও সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করা হবে।”





