জাতীয়
‘শহীদ ওসমান হাদি: আধিপত্যবাদবিরোধী লড়াই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘শহীদ ওসমান হাদি: আধিপত্যবাদবিরোধী লড়াই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আত-তারিক পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসমান হাদির আন্দোলন ছিলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ’৭১ ছিলো আমাদের প্রথম স্বাধীনতা আর ’২৪ দ্বিতীয় স্বাধীনতা। একাত্তরে পেয়েছি ভূখণ্ড, পতাকা। তবে পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়নি বলেই ৫৪ বছর পর বলতে হয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।
দৈনিক যুগান্তর-এর সম্পাদক কবি আবদুল হাই শিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত ১৫ বছরে ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়ে এই জাতির সম্মান বলে কিছুই নেই। জাতিকে জাগানোর জন্য একটা আইকন দরকার। সেই আইকন হলো শরীফ ওসমান হাদি। ওসমান হাদির আন্দোলন ছিলো পোস্ট মর্ডান কলোনিয়ালিজমের প্যাটার্ন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবির, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, প্রকৌশলী ও রাজনৈতিক বিশ্লেষক মারদিয়া মমতাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মাহবুব মুকুল, শহীদ ওসমান হাদির বড়ভাই ওমর বিন হাদি এবং কাঠপেন্সিল সম্পাদক সীমান্ত আকরাম প্রমুখ।
এম তারিক হাসিবের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাকটিকিট সম্পাদক কবি মুন্সী বোরহান মাহমুদ। অনুষ্ঠানে ওসমান হাদির স্মরণে আবৃত্তি ও গান পরিবেশন করেন সওগাত টিম, শিল্পী আমিরুল মোমেনীন মানিক, আজহারুল ইসলাম রনি, তাওহীদুল ইসলাম, এম সাব্বির আহমেদ প্রমুখ।








