জাতীয়
রাজধানীর রমনায় যুবদল নেতার হাতে সেচ্ছাসেবক দল নেতা খুন

বিল্লাল হোসেন তালুকদার (৫৭)
রাজধানীর রমনার মৌচাকে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে সেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। তিনি সেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহবায়ক ছিলেন। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহবায়ক দিদারুল ইসলাম বাবু, তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
স্বজনরা জানান, বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু সিমেন্টের ব্যবসা রয়েছে তার। তার পিতার নাম মৃত ইউনুছ তালুকদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে।






