খেলাধুলা

এফএ কাপ জিতে ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি

ডেস্ক

শেয়ারঃ

এফএ কাপ জিতে ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি- খবরের থাম্বনেইল ফটো

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও নিজেদের চেনা ছন্দে ফিরল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলির ফাইনালে চেলসিকে ১–০ গোলে হারিয়ে এফএ কাপ জিতে ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখল পেপ গার্দিওলার দল।


এর আগে মার্চে লিগ কাপ জিতেছিল সিটিজেনরা। এবার এফএ কাপও ঘরে তোলায় চলতি মৌসুমে তাদের দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত হলো। এখন নজর প্রিমিয়ার লিগে। আর্সেনালের সঙ্গে জমে ওঠা শিরোপা লড়াইয়ে দুই ম্যাচ হাতে রেখে ব্যবধান মাত্র ২ পয়েন্ট। ফলে ট্রেবল জিততে হলে নিজেদের বাকি ম্যাচগুলো জয়ের পাশাপাশি আর্সেনালের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে গার্দিওলার দলকে।


গত দুই এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল সিটি। তবে এবার আর কোনো ভুল করেনি তারা। ক্লাব ইতিহাসে অষ্টমবারের মতো এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি। কোচ হিসেবে পেপ গার্দিওলার এটি ২০তম শিরোপা, আর এফএ কাপে তার তৃতীয় জয়।


ফাইনালে শুরু থেকেই রক্ষণাত্মক পরিকল্পনা নেয় চেলসি। দীর্ঘ সময় ম্যানসিটির আক্রমণ সামলে রাখে তারা। ২৭ মিনিটে আর্লিং হালান্ড বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে আবারও সুযোগ পান এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড, কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ দারুণ সেভে দলকে রক্ষা করেন।


তবে ম্যাচের ৭২ মিনিটে আর রক্ষা হয়নি ব্লুজদের। বার্নার্ডো সিলভার পাস থেকে ডান প্রান্তে বল পান হালান্ড। পরে তার পাস থেকে লেভি কলউইলের চাপের মধ্যেও দারুণ নিয়ন্ত্রণে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন ঘানার ফরোয়ার্ড।


পাঁচ মিনিট পর সমতায় ফেরার বড় সুযোগ পায় চেলসি। ছয় গজ বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া করেই মাঠ ছাড়ে লন্ডনের দলটি।


এখন ম্যানচেস্টার সিটির পূর্ণ মনোযোগ প্রিমিয়ার লিগে। আগামী মঙ্গলবার তারা মুখোমুখি হবে বোর্নমাউথের। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত তারা হাসতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সম্ভাব্য বিদায়ী মৌসুমে অন্তত দুটি ট্রফি ইতোমধ্যেই নিশ্চিত করেছে গার্দিওলার দল।


সম্পর্কিত খবর