ক্যাম্পাস

দুর্বল ইন্টারনেট সেবায় চরম ভোগান্তি, দুর্ভোগে সিকৃবির শিক্ষার্থীরা

মুহাম্মাদ আবু বাশার অপূর্ব, সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

দুর্বল ইন্টারনেট সেবায় চরম ভোগান্তি, দুর্ভোগে সিকৃবির শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে দুর্বল ইন্টারনেট সেবার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ধীরগতির সংযোগ, বারবার লাইন বিচ্ছিন্ন হওয়া এবং অধিকাংশ সময় ইন্টারনেট বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, প্রায় প্রতিটি হলেই ইন্টারনেটের গতি অত্যন্ত কম। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন থাকে। বিশেষ করে অধিক শিক্ষার্থীসংবলিত হলগুলোতে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রমই ইন্টারনেটনির্ভর। অনলাইনভিত্তিক ক্লাস, গবেষণাপত্র ডাউনলোড, আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস, অ্যাসাইনমেন্ট প্রস্তুতসহ বিভিন্ন কাজে নিয়মিত ইন্টারনেট প্রয়োজন হয়। কিন্তু স্থিতিশীল সংযোগ না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্নাতকোত্তর ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের সমস্যার মাত্রা আরও বেশি।


এ বিষয়ে শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ লিখন বলেন, “হলগুলোতে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ, পর্যাপ্ত রাউটার স্থাপন এবং নিয়মিত প্রযুক্তিগত তদারকি নিশ্চিত করা হলে ইন্টারনেট সমস্যার সমাধান সম্ভব। আধুনিক শিক্ষা ও গবেষণার এই সময়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।”


সমস্যার কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এ সমস্যা সমাধানে ঢাকা থেকে একটি কারিগরি টিম এসে পরিস্থিতি পরিদর্শন করেছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে খুব শিগগিরই নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”


সম্পর্কিত খবর