আরও

অগ্নিকাণ্ডে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনির অবস্থা খুবই আশঙ্কাজনক, লড়ছেন লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

অগ্নিকাণ্ডে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনির অবস্থা খুবই আশঙ্কাজনক, লড়ছেন লাইফ সাপোর্টে- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।


আজ রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল বার্ন ইনস্টিটিউটের আইসিইউর এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. মাহবুবুর রশিদ বলেন, 'রোগী এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। হার্ট, কিডনি, ফুসফুস কাজ করছে না। তাছাড়া, ব্লাডে অনেক বেশি ইনফেকশন তৈরী হয়েছে। ওষুধের সাহায্যে প্রেশার হাই রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।'


ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ইসলামনগর এলাকায় আব্দুস সোবহান রায়হান নামে এক যুবক তার পরিবারের সঙ্গে বিবাদে লিপ্ত হন। একপর্যায়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি নিজের মোটরবাইক থেকে অকটেন সংগ্রহ করে ঘরে ছিটিয়ে দেন।


খবর পেয়ে রাস্তার মোড়ে অবস্থানরত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম রনিসহ কয়েকজন তাকে বাধা দিতে ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে নিবৃত্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।


এ ঘটনায় আহত প্রতিবেশী হাসিনুর জানান, "রায়হান উন্মত্ত হয়ে ঘরে আগুন দেওয়ার চেষ্টা করলে আমরা মানবিক কারণে তাকে থামাতে গিয়েছিলাম। কিন্তু কোনো কিছু বোঝার আগেই তিনি আগুন জ্বালিয়ে দেন।"


স্থানীয়দের অভিযোগ, রায়হান এর আগেও একাধিকবার এলাকায় এমন উগ্র ও অস্বাভাবিক আচরণ করেছেন।


উল্লেখ্য, দগ্ধ সাইফুল ইসলাম রনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।


সম্পর্কিত খবর