ক্যাম্পাস
মারা গেলেন জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী

জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এর প্রাক্তন শিক্ষার্থী একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আল মুজাহিদী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। গত এক বছর আগে চিকুনগুনিয়া হওয়ায় তখন থেকেই তিনি একেবারে বিছানায় পড়ে যান। কবি আল মুজাহিদী এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।
টাঙ্গাইলে জন্মগ্রহণকারী কবি আল মুজাহিদী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে আজীবন অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ৫০টিরও অধিক গ্রন্থ রচনা করে কবিতা, উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ সাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহিত্যকর্ম প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের অনুপ্রাণিত করবে।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি একাধিক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ, জাতি ও বাংলা সাহিত্যাঙ্গন এক প্রজ্ঞাবান সাহিত্যসাধককে হারালো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার হারালো তার একজন কৃতী প্রাক্তন শিক্ষার্থীকে।







