খেলাধুলা
বিকেএসপিতে যুক্ত হচ্ছে দাবা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালনা বোর্ডের ৪০তম সভায় প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, বিদেশি বিশেষজ্ঞ কোচ নিয়োগ, নারী খেলোয়াড়দের জন্য পৃথক প্রশিক্ষণ ব্যবস্থা এবং নতুন ক্রীড়া বিভাগ হিসেবে দাবা অন্তর্ভুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে বিকেএসপির কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিকেএসপি পরিচালনা বোর্ডের সভাপতি মো. আমিনুল হক।
সভায় শুরুতে পরিচালনা বোর্ডের ৩৯তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিকেএসপির জনবল কাঠামো শক্তিশালীকরণ, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, ২০২১ সালের প্রশিক্ষণার্থী নীতিমালা হালনাগাদ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, নারী খেলোয়াড়দের জন্য রাজশাহীতে পাইলট প্রকল্প হিসেবে স্বতন্ত্র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিভাগীয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নীতিমালা, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিকেএসপির ক্রীড়া বিভাগগুলোতে বিদেশি বিশেষজ্ঞ কোচ অন্তর্ভুক্তি, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের অংশ হিসেবে চীনের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, কোচিং এবং প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফলপ্রসূ আলোচনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।







